বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এ বিষয়ে মৌখিক আদেশ দিয়েছে।
সোমবারের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছ থেকে জেনে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি জানাতে বলা হয়েছে।
‘ডেঙ্গু পরীক্ষায় অযৌক্তিক ফি’ শিরোনামে একটি দৈনিকের এমন প্রতিবেদন বুধবার আদালতের নজরে আনার পর এ আদেশ দেয় হাই কোর্ট বেঞ্চ।
প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশতাক আহমেদ চৌধুরী।
আদেশের পর এ আইনজীবী বলেন, পত্রিকায় এসেছে, ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। প্রাইভেট হাসপাতালগুলো ৪/৫ গুণ বেশি ফি নিচ্ছে। ১৪৫ টাকার পরীক্ষায় নিচ্ছে অনেক টাকা। কেউ ১৭০০, আবার কেউ ১৮০০ টাকা নিচ্ছে। এটা কোর্টের নজরে এনেছি।
কোর্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, ফি আসলে কত হবে সেটা তারা জানাবেন। আগামী সোমবার এটা জানাতে হবে। প্রাইভেট হাসপাতালগুলো কত নিচ্ছে এবং পরীক্ষার খরচ আসলে কত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজির কাছ থেকে জানতে হবে। সরকারি হাসপাতাল ফ্রি করাচ্ছে কিনা- এটাও জানতে চেয়েছে আদালত।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, আদালত বলেছে, অধিদপ্তরের ডিজির সঙ্গে যোগাযোগ করে বেশি ফি নেওয়া হচ্ছে কিনা, নিলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে- সেটা জানাতে।