সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালমা

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুশেমা বেগমের মৃত্যুতে শূন্য হওয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মনোনীত প্রার্থী রাজবাড়ীর সালমা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. আবদুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সালমা চৌধুরীর বাবা মৃত ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২৮ জুলাই, প্রত্যাহারের শেষ দিন ১ আগস্ট এবং ভোট হবে ১৮ আগস্ট। আর কোনো প্রার্থী না থাকলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আওয়ামী লীগ প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে।