লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে যুবককে গণপিটুনি

লক্ষ্মীপুর সদরে ডাকাত সন্দেহে সুজন (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল শুক্রবার ভোররাতে উপজেলার দত্তপাড়ার মাখনবাড়ির সামনে এ ঘটনা ঘটে। সুজন উপজেলার পশ্চিম জামিরতলী এলাকার আবদুল হাফিজের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল ভোররাতে সাতজনের ডাকাতদল দত্তপাড়া এলাকার হিন্দুবাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় তাদের ধাওয়া করা হয়। অন্যরা পালালেও সুজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সুজন জানায়, রাতে দত্তপাড়ার নিকু নামে একজন তাকে খবর দিয়ে নেয়। এ সময় নোয়াখালীর মাইজদী এলাকার আরও পাঁচজন তাদের সঙ্গে ছিল।

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সুজনকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সে ডাকাত কি না তা এখনো জানা যায়নি।