যদি আপনার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শক্তিশালী ফ্যান ফলোয়ার থাকে, তবেই একমাত্র ইন্সটাগ্রাম থেকে টাকা উপার্জন করা যেতে পারে। আপনার বিপুলসংখ্যক ফলোয়ার থাকলে অন্যান্য কোম্পানি আপনাকে বা আপনি অন্য কোম্পানি বা ইউজারকে অ্যাপ্রোচ করতে পারেন তাদের পণ্যকে তুলে ধরার জন্য। অর্থাৎ আপনি তাদের ব্যবসাকে আরও বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন, যার জন্য আপনাকে পে করা হবে। অথবা আপনি নিজের কোনো প্রোডাক্ট বিক্রি করে বা কোনো শপিং ওয়েবসাইটের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ হয়ে কোনো প্রোডাক্টের লিঙ্ক ইন্সটাগ্রামে শেয়ার করতে পারেন। এরপর আপনার ওই লিঙ্কে গিয়ে যদি কেউ ওই প্রোডাক্টটি ক্রয় করে তাহলেও আপনি একটি লভ্যাংশ পাবেন।
সম্প্রতি ২০১৯ সালে ইন্সটাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোম্পানি ‘হপার এইচকিউ’। এই তালিকার শীর্ষে আছেন মার্কিন টেলিভিশন তারকা এবং সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কাইলি জেনার। ইন্সটাগ্রামে জেনারের প্রায় ১৪ কোটি ১০ লাখ ফলোয়ার রয়েছে।
ব্রিটিশ প্রতিষ্ঠানটির তথ্য মতে, একটা ইন্সটাগ্রাম পোস্ট করার জন্য কাইলি ১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি ৭০ লাখ টাকা। জেনারের পরই অবস্থান করছেন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে। প্রতিটি পোস্টের জন্য তিনি রোজগার করেন ৯ লাখ ৯৬ হাজার টাকা। বাংলাদেশি মুদ্রায় প্রতি পোস্টে গ্রান্দের আয় ৮ কোটি ৪১ লাখ টাকারও বেশি। ইন্সটাগ্রামে কাইলি জেনারের চেয়েও বেশি ফলোয়ার রয়েছে আরিয়ানা গ্রান্দের। তার ফলোয়ার সংখ্যা প্রায় ১৬ কোটি।
ইন্সটাগ্রাম ধনীদের তালিকায় তিন নম্বরে আছেন ১৭ কোটি ৩০ লাখ মানুষের ফলোয়ারে থাকা জুভেন্টাসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতি পোস্টে তার আয় ৯ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ২৪ লাখ)। এক পোস্টে ৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার বা ৭ কোটি ৬৯ লাখ টাকা আয় করে এই তালিকায় চতুর্থ স্থানে আছেন কাইলি জেনারের বড় বোন কিম কার্দেশিয়ান। তালিকায় পাঁচ নম্বরে থাকা সেলিনা গোমেজ গত বছর ছিলেন দুই নম্বর অবস্থানে। সেলিনা এক পোস্টে আয় করেন ৮ লাখ ৮৬ হাজার মার্কিন ডলার (সাড়ে সাত কোটি টাকা)।
প্রথম দশজনের মধ্যে অন্যদের মধ্যে আছেন যথাক্রমে দ্য রক (৮ লাখ ৮২ হাজার মার্কিন ডলার), বিয়ন্সে (৭ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার), টেইলর সুইফট (৭ লাখ ৪৮ হাজার মার্কিন ডলার), ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার (৭ লাখ ২২ হাজার মার্কিন ডলার) এবং সংগীতশিল্পী জাস্টিন বিবার (৭ লাখ ২২ হাজার মার্কিন ডলার)।