স্মিথ-ওয়ার্নারের সঙ্গে ব্যানক্রফটও

অ্যাশেজের জন্য টিম পেইনকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টেস্ট দলে ফিরেছেন ২০১৮ সালের মার্চে কেপটাউন টেস্টে বল ট্যাম্পারিংয়ের ঘটনায় নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তিন খেলোয়াড়ই। সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছিলেন বিশ্বকাপ মঞ্চেই। অ্যাশেজের দলে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়া দলে ফিরলেন ক্যামেরুন ব্যানক্রফটও। তার নিষেধাজ্ঞা ছিল নয় মাসের।

ব্যাকআপ কিপার হিসেবে দলে ফিরেছেন ম্যাথু ওয়েড। হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রস্তুতি ম্যাচ না খেললেও দলে আছেন উসমান খাজা। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টেস্ট খেলা পেসার জেমস প্যাটিনসনও ফিরেছেন দলে। দলে নতুন মুখ দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বোলিং অলরাউন্ডার মাইকেল নেসের।

অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে থাকা খেলোয়াড়রা নিজেদের মধ্যে সাউদাম্পটনে চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলে। সেখানে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন ব্যানক্রফট। কেপটাউন টেস্টের পর স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট তিনজনই অ্যাশেজের মাধ্যমে ফিরছেন টেস্টে।

অস্ট্রেলিয়া অ্যাশেজ দল

টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, ক্যামেরুন ব্যানক্রফট, উসমান খাজা, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, মারনাস লাবুহসেন, মিচেল মার্শ, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, পিটার সিডল, জশ হ্যাজেলউড, নাথান লায়ন, মাইকেল নেসের।