‘ওষুধ কেনায় দুর্নীতি আর অদক্ষতা ঢাকতেই’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ডেঙ্গুর প্রাদুর্ভাবের খবরকে ‘গুজব’ বলছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল শুক্রবার রাজধানীর তোপখানা রোডে যুব মৈত্রীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গুবিরোধী জনসচেতনতা কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
রাশেদ খান মেনন বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যুর হারকে পাসের দেশগুলোর সঙ্গে তুলনা করেছেন। মনে হয়, দেশের মানুষের মৃত্যু তার কাছে কিছু নয়। আবার স্থানীয় সরকারমন্ত্রী মশার ওষুধের কার্যকারিতা নিয়ে সাফাই গেয়েছেন। অথচ সেতুমন্ত্রী-অর্থমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ডেঙ্গু-বন্যা মোকাবিলায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছে। তারপরও গবুচন্দ্র এই মেয়র-মন্ত্রীদের জন্যই মশক নিধন, ডেঙ্গু নিয়ে এই লেজেগোবরে অবস্থা।’
ডেঙ্গু আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো যুব সমাজের কর্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশের অতীত ইতিহাসে বন্যা, কলেরা মহামারি, দুর্ভিক্ষাবস্থায় যুবক রাজনৈতিক কর্মীরাই তাদের পাশে দাঁড়িয়েছে। যারা বঙ্গবন্ধু বলতে অজ্ঞান হয়ে পড়ছেন, তাদের জীবন থেকে এ শিক্ষা নিলে দেশের মানুষের উপকার হবে।’