মুসলিমদের জয় শ্রীরাম বলতে বাধ্য করে মারধরের ঘটনায় ইতিমধ্যে তুমুল সমালোচিত ভারতের ক্ষমতাসীন বিজেপি। এবার উগ্রবাদী হিন্দু সংগঠনের নেতা–কর্মীদের মতোই আচরণ করলেন এক রাজ্যমন্ত্রী।
এনডিটিভি জানায়, কংগ্রেসের এক মুসলিম বিধায়ক ইরফান আনসারিকে জয় শ্রীরাম বলতে চাপ দেন ঝাড়খণ্ডের নগর উন্নয়ন মন্ত্রী সি পি সিংহ। টিভি চ্যানেলের ক্যামেরার সামনে মন্ত্রীর এমন সাম্প্রদায়িক আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
মূলত বিধানসভা ভবনের সামনে দুজনের মধ্যে হাস্যরস ও মশকরা থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। মজা করতে গিয়ে আনসারিকে সিপি বলেন, ‘‘একবার জোরে জয় শ্রীরাম বলুন।’’
এমনকি মুসলিম বিধায়ককে রামের উত্তরসূরি বলেও মন্তব্য করেন মন্ত্রী। সি পি সিংহ আনসারিকে বলেন , ‘‘বাবর, তৈমুর লং, গজনি বা ঘোরি তো আর আপনার পূর্বপুরুষ নয়। আপনি রামেরই উত্তরসূরি।’’
একপর্যায়ে আনসারি ক্ষিপ্ত হয়ে যান। তখন মন্ত্রীকে তিনি উত্তর দেন, রামের নামে দুর্নাম ছড়াবেন না। মানুষ আয় উন্নতি চায়। রাস্তা চায়, বিদ্যুৎ চায়। তারা চায় নালা পরিষ্কার হোক। অযোধ্যায় গিয়ে দেখে আসুন রাম সেখানে কীভাবে আছেন।’’
এদিকে পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে মন্ত্রী তখন চুপ মেরে যান। এরপর দুজন আলাদা পথে হেঁটে চলে যান।
এ দিকে এ ঘটনা পুরোপুরি ধারণ হয়ে যায় টিভি চ্যানেলের ক্যামেরা। তবে এ নিয়ে অবশ্য পরবর্তীতে কোনো ধরনের মন্তব্য করতে চাননি সি পি সিংহ এবং ইরফান আনসারি।