চুয়াডাঙ্গায় নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল বৃদ্ধের লাশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ২ দিন পর ওয়াদুদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা দুপুরে উপজেলার মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওয়াদুদ মিয়া উপজেলার দাসপাড়া গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, আজ দুপুরে মহেশপুর এলাকার মাথাভাঙ্গা নদীতে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। পরে মরদেহ ওয়াদুদ মিয়ার বলে শনাক্ত করে স্থানীয়রা। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহতের পরিবারের দাবি, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওয়াদুদ মিয়া।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, ওয়াদুদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।