কুড়িগ্রামকে দুর্গত এলাকা ঘোষণা দাবি বিএনপির

কুড়িগ্রামকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়ে এবারের বন্যায় কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত উল্লেখ করে এ দাবি জানান।

বিএনপি মহাসচিব মির্জা বলেন, সরকারের যেহেতু কোনো দায়দায়িত্ব নেই, জনগণের দ্বারা নির্বাচিত নয়, সে কারণে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে।

তিনি বলেন, ‘কুড়িগ্রাম জেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি’।

শনিবার বিকেল ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলার আরাজী ভোগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে এসে এসব বলেন মির্জা ফখরুল।

‘বিএনপি অফিস গুজবের কারখানা’, আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, ‘ওনারা কে, কী বলেন তাতে যায় আসে না। তারা সত্য কথা তো বলে না, জনগণের পাশেও তারা নেই। জনগণের অধিকার কেড়ে নিয়ে বসে আছে, সে জন্য আমরা কোনো গুরুত্ব দিই না।’

জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণে এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব অ্যাড. মোয়াজ্জেম হোসেন আলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি তাসভীর-উল- ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ।

এখানে তিন শতাধিক বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ করেন মির্জা ফখরুল। এরপরে তিনি উলিপুর ও চিলমারী উপজেলায় ত্রাণ বিতরণ করেন।