চাঁদপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে পারভেজ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার মধ্য শ্রীরামদী এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা রাতে পারভেজকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
পুলিশ ও শিশুটির মা জানায়, অটোরিক্সা চালক পারভেজ শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে অটোরিক্সার গ্যারেজে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজনের ভয়ে পারভেজ নিজেই শিশুটিকে তার ঘরে পৌঁছে দেয়। শিশুটির কান্না দেখে তার মা কি হয়েছে জিজ্ঞাসা করলে মায়ের কাছে ঘটনার কথা বলেন। পরে এলাকার লোকজন পারভেজকে গ্যারেজ থেকে আটক করে পুলিশে খবর দেয়। চাঁদপুর মডেল থানার এসআই সাঈদ ঘটনাস্থলে গিয়ে পারভেজকে আটক করে থানায় নিয়ে আসে। আর শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতাল ভর্তি করানো হয়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. নাসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সাথে সাথে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।