নাটোরের হালতি বিলে ছাত্রীকে বাঁচাতে গিয়ে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার রাজশাহী শহরের নর্থ বেঙ্গল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে বেড়াতে যায়। পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। এ সময় নর্থ বেঙ্গল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোখলেসুর রহমান (২৯) তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবে মারা গেছে।
স্থানীয়রা জানায়, রাজশাহী শহরের নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও তিন ছাত্রী নৌকা নিয়ে শনিবার দুপুরের দিকে হালতি বিলে আসে। বেড়ানোর এক পর্যায়ে পাপ্পী সাহা নামে এক ছাত্রী নৌকার ছাদ থেকে পানিতে পড়ে যায়। প্রচণ্ড ঢেউ থাকায় ওই ছাত্রী পানিতে তলিয়ে যায়। এ সময় তার শিক্ষক মোখলেসুর রহমান (২৯) পানিতে ঝাঁপিয়ে পড়লে সঙ্গে সঙ্গে সেও ডুবে যায়। নৌকার অন্যরা পড়ে যাওয়া ছাত্রীকে উদ্ধার করতে পারলেও শিক্ষক মোখলেসুর রহমানকে উদ্ধার করতে পারেনি।
বিকেলে ঘটনার খবর ছড়িয়ে পড়লে নর্থ বেঙ্গল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল খালেক, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী ও ওসি শফিকুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। রাজশাহীর একদল ডুবুরি এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে।