নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবরস্থান থেকে মৃতদেহের কঙ্কাল চুরি করা চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতের শেষদিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি মাথার খুলি ও তিনটি মৃতদেহের বিভিন্ন অংশের ১৫০টি হাড় উদ্ধার ও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ ময়মনসিংহ জেলার কোতোয়ালির নয়াপাড়ার সোহেল (২৮), একই জেলার হালুয়াঘাটের বাউসা এলাকার আমির হোসেন (২৫), জামালপুর জেলার সিহাটাবাজার বাকাইল এলাকার সুমন (২৭) ও মৌলভীবাজার জেলার কুলাউড়ার দক্ষিণ ইসলামাবাদ এলাকার রাসেল (২৫)। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মাজেদ মিয়া জানান, শুক্রবার রাত ৪টার দিকে স্থানীয় উচিৎপুরা এলাকায় হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সামনে চার ব্যক্তিকে সন্দেহ হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে মৃতদেহের ওই অংশগুলো উদ্ধার করা হয়। তারা স্থানীয় উচিৎপুরা বাজার এলাকা থেকে আড়াইহাজারের দিকে যাচ্ছিল।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, বেশকিছু দিন ধরে একটি চক্র বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে আসছিল। ঘটনার পর থেকে পুলিশ তৎপর ছিল।