প্রিয়া সাহার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া রহস্যজনক: মোশাররফ

যুক্তরাষ্ট্রে গিয়ে বিতর্কিত মন্তব্য করা প্রিয়া সাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়াকে 'রহস্যজনক' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

তিনি বলেন, ‘প্রিয়া সাহা যে মিথ্যা তথ্য দিয়েছেন ট্রাম্পের কাছে তা কি গুজব? তিনি ওখানে কী করে গেলেন? প্রিয়া সাহার কথা রাষ্ট্রদ্রোহিতার সামিল হলেও তার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা না নেওয়া রহস্যজনক।’

শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া পরিষদ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্যের মধ্যে গভীর ষড়যন্ত্র আছে, এর পেছনে সরকার জড়িত। এটা তাকে দিয়ে করানো হয়েছে। সরকার অস্বাভাবিক হওয়ায় দেশে অস্বাভাবিক ঘটনা ঘটছে।

মোশাররফ হোসেন বলেন, জনপ্রিয়তা না থাকার কারণেই ক্মষতা ধরে রাখতে ভোট ডাকাতি করছে সরকার। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বলে তথাকথিত সংস্থায় যে তথ্য প্রকাশ করা হয়েছে তা হাস্যকর।

জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর এমতাজ হোসেন, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।