জাপা ও বিএনপি নেতাদের ছেলেরা যুবলীগে

আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি

যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উত্তাল অবস্থা বিরাজ করছে। নতুন কমিটি বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা। নতুন কমিটিকে গ্রহণ করেনি উপজেলা আওয়ামী লীগও। কমিটিতে জাপা ও বিএনপি নেতার ছেলেদের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মনোনীত করারও অভিযোগ উঠেছে।

জানা যায়, গত বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৩৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটিতে সাইফুর রহমান মনিকে আহ্বায়ক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান কবির, ব্যবসায়ী শেখ মো. দাউদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিউর রহমান সরকার ও যুবলীগ নেতা সফিকুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

এ ঘোষণার পর আশুগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় তারা নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন।

উপজেলা যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন খন্দকার বলেন, নতুন ঘোষিত কমিটির আহ্বায়ক সাইফুর রহমান মনি কোনো দিন যুবলীগ-ছাত্রলীগ করেননি। তার বাবা সাইদুর রহমান সিকদার উপজেলা জাতীয় পার্টির আজীবন সভাপতি ছিলেন। আর ২ নম্বর যুগ্ম আহ্বায়ক শেখ দাউদের বাবা মো. নাসির কিছুদিন আগে মৃত্যুর পূর্ব পর্যন্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। দাউদ উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের দিয়ে কমিটি গঠন করায় আওয়ামী লীগের রাজনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. সফিউল্লাহ গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জাতীয় পার্টির নেতার ছেলে আহ্বায়ক আর বিএনপি নেতার ছেলে যুগ্ম আহ্বায়ক হওয়ায় সাংগঠনিক কাজে আমাদের কী হবেÑ এ নিয়ে আশঙ্কায় আছি। এ অবস্থা চলতে থাকলে আওয়ামী রাজনীতির সর্বনাশ হবে।’