সুনামগঞ্জ জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। গতকাল শনিবার জেলা বিএনপির সাধারণ সভাকে কেন্দ্র করে তা স্পষ্ট হয়ে ওঠে। নানা অভিযোগ এনে একাদশ জাতায়ী সংসদ নির্বাচনে জেলার চার সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ সাবেক ছাত্র নেতারা সভায় অনুপস্থিত ছিলেন।
শনিবার শহরের জামতলার জান্নাহ কমিউননিটি সেন্টারে জেলা বিএনপির সাধারণ সভা হয়। জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় ওই সভা হয়।
সভায় অনুপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চার সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। তারা হলেন সুনামগঞ্জ-১ আসনের নজির হোসেন, সুনামগঞ্জ-২ আসনের নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের ফজলুল হক আছপিয়া ও সুনামগঞ্জ-৫ আসনের মিজানুর রহমান চৌধুরী। এ চারজনই জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য। এ ছাড়া জেলা বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা ও জেলা কমিটির সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন সভায় যোগ দেননি।
এ ছাড়া অনুপস্থিতের তালিকায় ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
অনুপস্থিত নেতাদের অভিযোগ, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনগড়াভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন। উপদেষ্টা কমিটিতে যাদের নাম এসেছে তাদের অনেকেই প্রবাসী। জেলার রাজনীতির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই।