নোয়াখালীর চৌমুহনীতে পিকআপ উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে চৌমুহনী বাজারের সিঙ্গার রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিকআপে করে ফেনী থেকে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় কাজে যাচ্ছিলেন ওই ১৯ নির্মাণ শ্রমিক। চৌমুহনী বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় তাদের বহনকারী পিকআপটি।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও তিন নির্মাণ শ্রমিক। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহত ১২ জনকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।