সাকিবদের সঙ্গে কাজ করতে মুখিয়ে ভেট্টরি

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরি। সাকিব আল হাসান ও মিহেদী হাসান মিরাজদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন সাবেক এই স্পিন বোলিং অলরাউন্ডার।

তবে ভেট্টরিকে লম্বা সময়ের জন্য পাচ্ছে না বাংলাদেশ। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মোট ১০০ দিন কাজ করবেন টাইগারদের নিয়ে। আসছে নভেম্বরে ভারত সফরের আগে দায়িত্ব নেবেন সাবেক কিউই অধিনায়ক।

খেলোয়াড় হিসেবে খুবই অভিজ্ঞতাসম্পন্ন ভেট্টরি নিউজিল্যান্ডের জার্সিতে খেলেছেন ১১৩টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে বাঁহাতি এই স্পিনারের মোট উইকেট ৭০৫টি!

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে কোচ হিসেবেও এরই মধ্যে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন ৪০ বছর বয়সী ভেট্টরি। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরো টি-টোয়েন্টি স্ল্যামের প্রথম আসরে ডাবলিন চিফসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করার কথা তার।

বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরি, “এই দল উত্থানের পথে আছে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি দলটিকে আছে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও অন্যান্য যারা উঠতি স্পিনার আছে, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। অনেক আগ্রহ নিয়ে কাজ শুরুর অপেক্ষায় থাকব আমি।”

“স্পিন বোলিং সবসময়ই বাংলাদেশের বড় শক্তি। ক্রিকেটার ও কোচ হিসেবে সব সংস্করণে আধুনিক যুগের স্পিন বোলিংয়ে আমার অভিজ্ঞতা ও জ্ঞান ভাগাভাগি করতে চাই। বোলারদের সাহায্য করতে চাই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে, যেন তারা তাদের প্রতিভা ও স্কিলকে বিকশিত করতে পারে।”