নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থীদের খোঁজ মেলেনি এখনও

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। সকাল সাড়ে ৭টার থেকে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদের নেতৃত্বে দুইজন ডুবুরি ধলেশ্বরী নদীর পশ্চিম ব্যাংকটাউন এলাকায় উদ্ধার তৎপরতায় অংশ নিলেও এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়। নদীর স্রোত বেড়ে যাওয়ায় এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রেখে আজ সকাল থেকে পুনরায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধ্যান না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। গতকাল আমরা ঘটনাস্থল ও এর আশপাশে খোঁজ করেছি। আজকে আমরা উজান থেকে ভাটিতে সন্ধান চালিয়ে যাচ্ছি।

তবে ঘটনাস্থলে উপস্থিত নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনেরা উদ্ধার কাজ ধীরগতি চলছে বলে অভিযোগ করেছেন।

নিখোঁজ শিক্ষার্থী আকাশের চাচা আনারুল হক বলেন, ‘তিন শিক্ষার্থী দিনে দুপুরে এতোগুলো মানুষের সামনে নদীতে ডুবে গেল, এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যাচ্ছে।’ দুইজন ডুবুরি দিয়ে একজন পরিবর্তন করে অন্যজন এভাবে চলতে থাকলে নিখোঁজদের সন্ধান আদৌ মিলবে কিনা এ নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

এজন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে উদ্ধার অভিযানে ডুবুরি বৃদ্ধির পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সংযোজনের দাবি জানান।  

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকায় নদীতে গোসল করতে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজ হয়। এরা হলেন- রাজধানীর শেরেবাংলানগর থানার পশ্চিম কাফরুল তালতলা এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে রাজন (১৯), শ্যাওড়াপাড়া এলাকার মেহেদি হাসান (১৮) এবং সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার আবু বক্কর তালুকদারের মেঝো ছেলে আকাশ (১৮)। এছাড়া জিহাদ ও নাহিদ নামে আরও দুই ছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

তারা সবাই রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদ্বশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও টঙ্গি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থালে আসে। এছাড়া টঙ্গি থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দলও ধলেশ্বরী নদীতে ডুবে যাওয়া ছাত্রদের উদ্ধারে কাজ শুরু করেন।