রাজধানীর উত্তর বাড্ডায় সন্তানকে ভর্তি করাতে স্কুলের খোঁজ নিতে গিয়ে গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে।
রবিবার আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন।
এতে অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে রেনুর পরিবারকে আগামী ১৫ দিনের মধ্যে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে গণপিটুনিতে জড়িতদের বিরুদ্ধে পৃথক আইন তৈরির নির্দেশনার পাশাপাশি রেনুকে বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল জারির আরজি জানানো হয়েছে।
একইসঙ্গে রিটে গুজবের বিষয়ে সব ধরনের পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলারও নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার ও বাড্ডা থানার অফিসার ইনচার্জকে (ওসি) বিবাদী করা হয়েছে।
ইশরাত হাসান বলেন, “আবেদনটির ওপর আজ (রবিবার) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।”
প্রসঙ্গত, গত ২০ জুলাই সকালে উত্তর-পূর্ব বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। স্কুলটিতে নিজের চার বছরের মেয়েকে ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি।