শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশ এগিয়ে গেছে। বর্তমান সরকারের আমলে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি- বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, তারাবো পৌরসভার উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
অনুষ্ঠানে তারাবো পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট একশত পঁচিশ কোটি আটত্রিশ লাখ সত্তর হাজার টাকার বাজেট ঘোষণা করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে একুশ কোটি পঁচাশি লাখ সত্তর হাজার টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে দশ কোটি তিন লাখ পঁচাত্তর হাজার টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে একশত চৌদ্দ কোটি আটাত্তর লাখ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে একশত চৌদ্দ কোটি পঞ্চাশ লাখ টাকা।
মেয়র হাসিনা গাজী তার বক্তব্যে বলেন, ‘এবারের বাজেটে তারাবো পৌরসভার উন্নয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থ বছর হবে তারাবো পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বছর। ২০১৯-২০ অর্থ বছর হবে উন্নয়নের বছর, অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের রোল মডেল হবে তারাবো পৌরসভা ইনশা আল্লাহ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, তারাবো পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।