ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের শিক্ষার্থী উখিনু রাখাইনের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মৌন মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থী মৃত্যুর দায় এবং ক্ষতিপূরণ দেয়াসহ ছয় দফা দাবি জানায়। দাবি পূরণ না হলে লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের হুমকি দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ যন্ত্রের ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বিভাগ ও হলে প্রয়োজনীয় ব্যবস্থা, চিকিৎসা কেন্দ্রে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করার দাবি জানায়।
দুপুর ১২টায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক সেখানে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপাচার্য বলেন, ‘ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।’
পরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করে।
শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (১ম বর্ষ) ও প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী শিক্ষার্থী উখিনু রাখাইন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে জ্বর ভালো না হলে তার পরিবার তাকে কক্সবাজারে নিয়ে যায়।