বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশের মাসব্যাপী আন্দোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল দুপুর ১২টার দিকে অ্যাকাডেমিক ভবনের সংযোগ সড়কে তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালিত হয়। অযৌক্তিক এ আন্দোলনের প্রতিবাদে আজ (সোমবার) ক্যাম্পাসে মৌন মিছিলের ঘোষণা দেন তারা।
বক্তারা বলেন, ‘কর্মচারীদের দাবিগুলো পূরণে প্রশাসনের সদিচ্ছা থাকলেও তারা উদ্দেশ্যমূলকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশেষ কোনো মহলের প্ররোচনায় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নষ্ট করা এবং প্রশাসনিক কাজে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।’ তারা বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রেখে শিক্ষা ও প্রশাসনিক কাজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য অবিলম্বে আন্দোলন তুলে নেওয়ার আহ্বান জানান।
গত ১৭ জুন থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি অংশ পদোন্নতি ও আপগ্রেডেশনের দাবিতে আন্দোলন শুরু করে। যা গত ১১ জুলাই ৬২তম সিন্ডিকেট সভায় অনুমোদন এবং ৫৮ জনের ৪৪ মাসের বকেয়া বেতন পরিশোধের নীতিগত সিদ্ধান্ত হয়।