বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির সত্য কথাও তাদের কাছে গুজব মনে হয়। অথচ তাদের অর্থমন্ত্রী ডেঙ্গুর ভয়ে নিজেই অফিসে যান না। দেশের লাখ লাখ মানুষ বন্যার পানিতে ভাসছে, ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এসব বললেই গুজব হয়ে যায়।
রোববার বিকেলে জামালপুর ইসলামপুর উপজেলার গুঠাইল বাজার এলাকায় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকারের প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়া মিথ্যা মামলায় জেল খাটছেন।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা এম. সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
পরে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে মেলান্দহ ও জামালপুর সদরে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।