ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বাড়তি শয্যার ব্যবস্থা করা হয়েছে। গত শনিবার এ ব্যবস্থা করা হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্র্তৃপক্ষ।
সরেজমিনে গতকাল রবিবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, কেবিন ব্লকের নিচতলায় বাড়তি ৩০টি শয্যায় ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। গত শনিবার বাড়তি ২৫টি শয্যা থাকলেও গতকাল তা বেড়ে দাঁড়িয়েছে ৩০টিতে। অতিরিক্ত শয্যায় চিকিৎসারত প্রীতম চন্দ্র রায়ের বড় ভাই অদ্বৈত রায় দেশ রূপান্তরকে বলেন, গত ২৫ জুলাই তার ভাই জ¦রে আক্রান্ত হয়। এক দিন পর তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে রক্ত পরীক্ষায় কোনো ডেঙ্গুজ¦র ধরা পড়েনি। বাসায় ফেরার পর বিকেলে জ¦র আরও তীব্রভাবে বেড়ে যায়। এক দিন অপেক্ষার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
তিনি আরও বলেন, তার বোনের ছেলে সৌরভ রায়ও ডেঙ্গুতে আক্রান্ত। সে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসারত। তারা দুজনই গত মে মাসে মেডিকেল ভর্তির কোচিং করতে ঢাকায় আসে। তারা পূর্ব রাজাবাজারের একটি মেসে থাকে।
বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে রোগীদের জন্য কোনো শয্যা খালি না থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও পর্যাপ্ত পরিমাণ বেড সংগ্রহ করে রাখা আছে। রোগীর সংখ্যা অনুযায়ী সেগুলোকে সেট করার ব্যবস্থা নেওয়া হবে। তারা আরও জানায়, গতকাল সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত ডেঙ্গুজ¦রে আক্রান্ত ১২ জনকে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯ জনসহ বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে ডেঙ্গুজ¦রে আক্রান্ত ৪৩ জন চিকিৎসাধীন। আর হাসপাতাল ছেড়ে গেছেন ৭১ জন। এখনো পর্যন্ত এ হাসপাতালে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।