এবার ট্রাম্পকে ছেড়ে গেলেন গোয়েন্দা প্রধান ড্যান কোটস

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ছাড়ছেন আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা। পদত্যাগ করেছেন দেশটির জাতীয় গোয়েন্দা নিরাপত্তা বিষয়ক ডিরেক্টর ড্যান কোটস ।

বিবিসি জানায়, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় ড্যান কোটসের পদত্যাগের বিষয়টি ঘোষণা করেন।

তিনি জানান, আগস্টের মাঝামাঝি থেকে কোটস আর দায়িত্বে থাকছেন না। তার জায়গা আসছেন টেক্সান কংগ্রেসম্যান জন র‌্যাটক্লিফ।

রাশিয়া এবং উত্তর কোরিয়া বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ দেখা দেওয়ায় কোটস পদত্যাগ করেছেন, এমনটাই জানা গেছে।

সিআইএ এবং এনএসএ সহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার পরিচালনায় ছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের অন্য সব প্রেসিডেন্টের তুলনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনেই সবচেয়ে বেশি রদবদল এবং পদত্যাগের ঘটনা ঘটছে। অনেক কর্মকর্তাকে যেমন বরখাস্ত করা হয়েছে, তেমনি অনেকে বরখাস্ত এড়াতে নিজেই পদত্যাগ করেছেন। সর্বশেষ  পদত্যাগ করলেন ড্যান কোটস।

একই ভাবে গত ১২ জুলাই পদত্যাগ করেন দেশটির শ্রমমন্ত্রী অ্যালেকজান্ডার অ্যাকোস্টা। আগের মাসে পদত্যাগ করেন  ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে খ্যাত সারাহ স্যান্ডার্স। পরিবারকে সময় দেওয়ার কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দেন।

গত ৩০ এপ্রিল পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন। যদিও তার পদত্যাগ কার্যকর হয় ১১ মে থেকে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে তদন্তে তার নাম উঠে আসে।

হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রিত্ব থেকে চলতি বছরের ৭ এপ্রিল কার্সটেন নেইলসন পদত্যাগ করেন। তার নিয়োগ হয়েছিল ২০১৭ সালের ডিসেম্বরে। ট্রাম্পের কিছু রাজনৈতিক এজেন্ডায় হস্তক্ষেপ করে বিতর্কের শিকার হন তিনি।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রশাসকের পদ হারান ব্রোক লং। নর্থ ক্যারোলিনা থেকে ওয়াশিংটন যাওয়ার সময় সরকারি গাড়ি ব্যবহার করে সমালোচনার শিকার হন তিনি।

গত বছরের শেষের দিকে ২০ ডিসেম্বর ট্রাম্প প্রশাসনের জন্য ছিল বিশাল ধাক্কার দিন। প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সেদিন পদত্যাগ করেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণা দেওয়ার এক দিন পরেই তিনি পদত্যাগ করেন।