যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় অন্ততপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।
বিবিসি জানায়, রবিবার সন্ধ্যায় সান জোস শহরের ৩০ মাইল দক্ষিণে গিলরয় শহরে গার্লিক ফেস্টিভ্যাল নামে অনুষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে।
একজন ত্রিশোর্ধ্ব শ্বেতাঙ্গ ব্যক্তি রাইফেল দিয়ে এ বন্দুক হামলা চালিয়েছে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
মাইকেল পাজ নামে ৭২ বয়সী এক বিক্রেতা জানান, অ্যাসল্ট রাইফেল দিয়ে এক ব্যক্তিকে নির্বিচারে গুলি করতে দেখেন তিনি।
হামলা থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করে আগত দর্শনার্থীরা। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে সবাই চিৎকার করছিলেন।
গিলরয়তে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় সবাইকে নিরাপদ এবং সতর্ক থাকার আহ্বান জানান।
উন্মুক্ত মাঠে তাঁবু টাঙিয়ে এ খাদ্য উৎসবের আয়োজন করা হয়। ১৯৭৯ সাল থেকে প্রতিবছর বিপুল আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে অনেক মানুষের সমাগম ঘটে এতে।