ভারতীয় চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে এ বছর প্রতিযোগিতায় অংশ নেয় বেশ ক’জন বাংলাদেশি তরুণ কণ্ঠশিল্পী। এদের মধ্যে নোবেল সবচেয়ে এগিয়ে যান।
চূড়ান্ত পর্ব প্রচারিত হওয়ার আগেই জানা গিয়েছিল, নোবেল প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় হয়েছেন। শেষ পর্যন্ত ২৮ জুলাই প্রচারিত হয় ‘সা রে গা মা পা’র চূড়ান্ত পর্ব।
এদিকে সা রে গা মা পা’র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন গৌরব ও স্নিগ্ধজিৎ। আর দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও নোবেল। বিজয়ী অঙ্কিতা পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ রুপি ও একটি নতুন গাড়ি। ফল ঘোষণার আগে নোবেল গেয়ে শোনান আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’, প্রতুল মুখোপাধ্যায়’র ‘আমি বাংলায় গান গাই’ ও জেমসের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জি বাংলায় শুরু হয়েছিল ‘সা রে গা মা পা ২০১৮-১৯’ প্রতিযোগিতা। ভারতের নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী এতে অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন অবন্তি সিঁথি, তানজীম শরীফ, রোমানা ইতি, মেজবা বাপ্পী, আতিয়া আনিসা, মন্টি সিনহা ও মাঈনুল ইসলাম নোবেল।