যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক ড্যান কোটস পদত্যাগ করছেন। হোয়াইট হাউসের সঙ্গে নীতিগত পার্থক্য ও দ্বান্দ্বিক অবস্থানের কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন, ড্যান কোটস আগামী আগস্ট মাসের মাঝামাঝিতে পদত্যাগ করবেন।

এদিকে, গোয়েন্দা প্রধানের পদে ড্যান কোটসের স্থলে টেক্সাসের কংগ্রেস সদস্য জন রেটক্লিফকে মনোনয়ন দিতে পারেন ট্রাম্প।

তার সম্পর্কে ট্রাম্প বলেন, রেটক্লিফ দেশকে ভালোবাসেন। তিনি দেশকে নেতৃত্ব দেবেন এবং মহৎ কাজের অনুপ্রেরণা হবেন। রাশিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে ড্যান কোটস এবং ট্রাম্পের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দিয়েছে।

জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে সিআইএ এবং এনএসএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ড্যান কোটসের ওপর। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি সদয় ছিলেন না ট্রাম্প। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোর ওপর কর্র্তৃত্ব ফলানোর চেষ্টা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। যার ফলে, বিভিন্ন ইস্যুতে ড্যান কোটসের মূল্যায়নকে প্রতিনিয়ত অবজ্ঞা করে গেছেন তিনি।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হুমকি বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান কর্মকর্তাদের মূল্যায়নকে নিষ্ক্রিয় এবং হাস্যকর বলে উল্লেখ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।