ফরিদপুরের কানাইপুরের ভাটি কানাইপুরের একটি দোকানঘর জ্বালিয়ে দেওয়ার পর বাসাবাড়িতে হামলা চালিয়ে লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আসবাব ও মালামাল তছনছ করা হয়েছে। মারধরে গুরুতর আহত এক নারী ও তরুণকে ভর্তি করা হয়েছে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে। গত রবিবার সন্ধ্যার দিকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে এ ঘটনা ঘটানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি এ এফ এম নাসিম হামলার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকায় মাদক ব্যবসা করে এমন অভিযোগে এ হামলা চালানো হয় বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যার দিকে পারভেজ (৩৫) ও পাপ্পুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একদল যুবক ভাটিকানাইপুরের তাইজুদ্দিন খানের মুদিদোকানে প্রথমে অগ্নিসংযোগ করে। পরে বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। এতে আহত হন তাইজুদ্দিনের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও নাতি সজীব (২২)। হামলাকারীরা ঘর থেকে প্রায় ২ লাখ টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়।