র‌্যাগিংয়ে কান ফাটানো সেই জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে র‌্যাগিংয়ের সময় থাপ্পড় দিয়ে নবীন শিক্ষার্থীর কান ফাটানোর অভিযোগে মো. শিহাবকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শিহাব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

২৩ জুলাই হলের গণরুমে রাত একটার দিকে শিহাবসহ ৩০-৩৫ জন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রথম বর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং দেয়। এ সময় শিহাবের থাপ্পড়ে কান ফাটে গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আলমের। 

ফয়সাল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রবিবার অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির সভায় তাকে বহিষ্কারের সুপারিশ করা হয়। 

পরে উপাচার্য নিজ ক্ষমতাবলে সাময়িক বহিষ্কারাদেশ কার্যকর করেন। এ সময়ে শিহাব ক্যাম্পাসে অবস্থান ও কোনো ধরনের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না বলে বহিষ্কারাদেশে বলা হয়।