শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে মশার স্প্রে দিচ্ছে ডিএসসিসি

কোমলমতি শিক্ষার্থীরা যাতে ডেঙ্গু রোগে আক্রান্ত না হয় সে জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে মশার স্প্রে বিতরণ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার ৩২ শিক্ষা প্রতিষ্ঠানে অ্যারোসল স্প্রে বিতরণের মাধ্যমে এ কর্মসূচী উদ্বোধন করেন তিনি।

এদিন বংশালের সুরিটোলা স্কুল মাঠে মশক নিধনে এসব স্প্রে ক্যান বিতরণকালে ডিএসসিসি মেয়র বলেন, ‘সম্প্রতি রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেছে। অনেকেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আমরা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মশামুক্ত করব। যাতে শিক্ষক ও শিক্ষার্থীরা নিরাপদে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারেন। এরই অংশ হিসেবে আমরা কোতোয়ালি থানার ৩২ শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্প্রে ক্যান বিতরণ করেছি।’

পুরান ঢাকার প্রায় ছয় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে মশার স্প্রে বিতরণ করা হবে বলে এ সময় জানান তিনি।

সাঈদ খোকন বলেন, ‘আমরা সবাই এ শহরটাকে সুন্দর করে সাজাব। যেটা হবে সুন্দর, সুস্থ এবং বাসযোগ্য নগরী। তবে এ জন্য আমাদের সচেতন হতে হবে, অন্যদেরও সচেতন করতে হবে।’

অনুষ্ঠানে ৩২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনীতিক নেতারা উপস্থিত ছিলেন।