ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বিশেষ অধিবেশন বুধবার বেলা ৩.৩০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।
এদিন উপাচার্য প্যানেল চূড়ান্ত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩'র আর্টিক্যাল ২১ (২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সিনেটের এই বিশেষ অধিবেশন আহ্বান করেছেন।
সিনেটের এ বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১ (১) ধারা অনুযায়ী মহামান্য চ্যান্সেলর কর্তৃক উপাচার্য নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল মনোনয়ন করা হবে।
অধিবেশনে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে ৪ সেপ্টেম্বর ২০১৭ অধ্যাপক মো. আখতারুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুযায়ী এই নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।