ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে নতুন ছবি নির্মাণ করছেন পরিচালক বদিউল আলম খোকন। এই ছবিতে শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত মডেল ও উপস্থাপিকা জাহারা মিতু।
২৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে হয়ে গেল শাকিব-মিতু’র ‘আগুন’ ছবির মহরত। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। শাকিব এ সময় ওবায়দুল কাদেরকে সম্ভাষণ জানিয়ে বলেন, ‘আমি তার (মন্ত্রী ওবায়দুল কাদের) ফ্যান। তার কথার ফ্যান। তিনি এত চমৎকার করে কথা বলেন!’
শাকিব আরও বলেন, ‘গত ঈদে আমার একটি সিনেমা এসেছিল; নাম ‘পাসওয়ার্ড’। সিনেমাটি ব্যবসায়িকভাবে কেমন নাড়া দিয়েছে তা আমরা সবাই জানি। ছবিটি এতটাই ভালো করেছে যে, এখন সবাই বলছে, চলো চলচ্চিত্র বানাই। আমরা এখানে (দেশে) বসে থেকেই ইন্টারন্যাশনাল মানের ছবি বানাতে পারি। বাংলাদেশে বসেও ইন্টারন্যাশনালি দেশের ছবি কেমন করছে, তা একদিন দেখতে পারব। ইন্টারন্যাশনালি আমরা দেশকে কীভাবে প্রেজেন্ট করছি- তাও একদিন দেখতে পারব।’
প্রথম ছবিতেই শাকিব খানকে পেয়ে উচ্ছ্বসিত জাহারা মিতু। নবাগত এই নায়িকা বলেন, ‘শাকিব খান এত বড় একজন তারকা; কিন্তু তিনি যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য।’
মহরত অনুষ্ঠানে সিনেমাটির নায়ক-নায়িকা, পরিচালক ও কলাকুশলী ছাড়াও আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ। ‘আগুন’ সিনেমার গল্প লিখছেন কমল সরকার। প্রযোজনায় আছে দেশ মাল্টিমিডিয়া।