বিশিষ্ট সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী গুরুতর অসুস্থ। গত ৩ মাস ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন তিনি। বর্তমানে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে তার চিকিৎসা চলছে। রাশীদ উন নবী সংবাদকর্মীদের কাছে ‘বাবু’ নামেই বেশি পরিচিত। পরিবারের পক্ষে রাশীদ উন নবীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র মেয়ে ফারাহ আনিকা অনন্যা। অনন্যা দেশ রূপান্তরকে জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে তার বাবার অগ্ন্যাশয়ে ক্যানসার ধরা পড়ে। প্রথমে আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। উন্নত চিকিৎসার জন্য গত মে মাসে তাকে ভারতের তামিলনাড়–র ভেলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে (সিএমসি) নেওয়া হয়। এক মাস চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সেখানে তার অস্ত্রোপচার সম্ভব নয়। সেখান থেকে পরের মাসে তাকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা মুম্বাইয়ে অবস্থান করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। তারা সপরিবারে এখন মুম্বাইয়ে অবস্থান করছেন।