সাংবাদিকদের ‘অকারণে’ ছাঁটাই না করার অনুরোধ তথ্যমন্ত্রীর

সাংবাদিকদের ‘অকারণে’ ছাঁটাই না করার জন্য গণমাধ্যম কর্র্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। গতকাল সোমবার সচিবালয়ে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ)’ কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা এই পেশায় না গিয়ে অন্য পেশায় গেলে কিন্তু সেই পেশা অনেক নিরাপদ ছিল। অন্যান্য নিরাপদ পেশায় আরও ভালো বেতনে যারা কাজ করছেন, তাদের চেয়ে যোগ্যতা অনেক বেশি রাখেন সাংবাদিকরা। এজন্য আমি অনুরোধ জানাব, অকারণে যেন কাউকে এভাবে ছাঁটাই করা না হয়; সমস্ত পত্রিকা ও টেলিভিশন কর্র্তৃপক্ষের কাছে সেটাই আমার অনুরোধ থাকবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। আমি সাংবাদিক ইউনিয়নের সঙ্গে কথা বলব, যাতে এ ব্যাপারে সমন্বিতভাবে আরও উদ্যোগ নেওয়া যায়।’ অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য সচিব আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।