ছায়ানটে গানের ঝরনা তলায়

রাজধানীর ছায়ানট মিলনায়তনে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুরু হয়েছে ‘গানের ঝরনা তলায়’ শীর্ষক দু’দিনব্যাপী অনুষ্ঠান। গতকাল সোমবার প্রথম দিনের আয়োজনটি শিল্পী সুবীর নন্দী স্মরণে। এদিনের আয়োজনের শিরোনাম করা হয় ‘প্রাণের খেলা’। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতেই সংগীত পরিবেশন করেন নবীন শিল্পী জারিফ একরাম ও ঐশ্বর্য সমদ্দার। এরপর নজরুলসংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে সংগীতের সুরের মূর্ছনা। অনুষ্ঠানে সুবীর নন্দী স্মরণে বক্তব্য রাখেন তার মেয়ে ফাল্গুনী নন্দী এবং সংগীতব্যক্তিত্ব সাদিয়া আফরিন। আয়োজনের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখা পরিবেশন করবে পঞ্চকবির বর্ষার গান। দু’দিনব্যাপী আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

 

ঢাকা থিয়েটারের ৪৬ বছর পূর্তি

দেশের অন্যতম নাট্যসংগঠন ঢাকা থিয়েটার প্রতিষ্ঠার ৪৬ বছর পূর্ণ করেছে। ১৯৭৩ সালের ২৯ জুলাই সেলিম আল দীনের লেখা ‘সংবাদ কার্টুন’ নাটক মঞ্চায়নের মাধ্যমে যাত্রা শুরু করেছিল দলটি। গতকাল সোমবার জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে ঘরোয়াভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন ঢাকা থিয়েটারের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন দলটির প্রধান নাসির উদ্দীন ইউসুফ, অগ্রজ সদস্য সৈয়দ সালাউদ্দীন জাকী, জহির উদ্দিন পিয়ার, রাইসুল ইসলাম আসাদ, শিমূল ইউসুফ, আফজাল হোসেনসহ অন্য সদস্যরা। সন্ধ্যা ৬টা থেকে ‘নিমজ্জন’ নাটকের মহড়া এবং রাত ৮টায় কেক কেটে উদযাপন করা হয় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ঢাকা থিয়েটার সূত্রে জানা গেছে, আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সেলিম আল দীনের লেখা ‘নিমজ্জন’ নাটকটি মঞ্চস্থ করা হবে। এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

উল্লেখ্য, চার দশকেরও বেশি সময়ের নাট্যচর্চায় ঢাকা থিয়েটার মঞ্চে এনেছে ৩০টিরও বেশি মঞ্চনাটক, ৭টি পথনাটক। ঢাকা থিয়েটারের শিল্পছায়ায় গড়ে উঠেছে গ্রাম থিয়েটার নামের দেশব্যাপী ছড়িয়ে থাকা বৃহৎ নাট্য সংগঠন। সেলিম আল দীন, নাসির উদ্দীন ইউসুফ, সৈয়দ সালাউদ্দিন জাকী, শিমূল ইউসুফ, হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, জহির উদ্দিন পিয়ার, রাইসুল ইসলাম আসাদ, কামাল বায়েজিদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ফারজানা চুমকি, ফারুক আহমেদ, মাজনুন মিজানসহ দেশের অনেক তারকা শিল্পীর জন্ম দিয়েছে ঢাকা থিয়েটার।