সিঙ্গাইর উপজেলা ভাঙাচোরা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল-কালিন্দি সড়কের দক্ষিণ শিবপুর সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। অনেক আগেই রেলিং ভেঙে গেছে। নড়বড়ে পিলার। সেতুর ঢালাই উঠে রড বের হয়ে গেছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১৫টি গ্রামের ২০-২৫ হাজার মানুষ ঝুঁকি নিয়েই চলছে এ ভাঙা সেতু দিয়ে।

ব্রিজের রেলিং প্রায় পাঁচ মাস আগে ভেঙে গেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় যানবাহন। বিশেষ করে অটোবাইক মাঝেমধ্যে নিচে পড়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘদিন হলেও মেরামত বা নতুন কোনো সেতু নির্মাণ না করায় দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিঙ্গাইর উপজেলা কার্যালয় থেকে জানা গেছে, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতর করার লক্ষ্যে ১৯৯০ সালে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল-কালিন্দি সড়কের দক্ষিণ শিবপুর খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। সেতুটি ভেঙে যাওয়ায় এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ সেতু দিয়ে সিঙ্গাইর উপজেলার শ্রীপুর, বান্দাইল, কালিন্দী, দক্ষিণ চারিগ্রাম ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার কুমল্লী, মহিষদিয়া, আটকাহনিয়া, বালুখ- গ্রাম ও আশপাশের এলাকার প্রায় ২০-২৫ হাজার মানুষ চলাচল করে।

স্থানীয় ট্রাকচালক হাবিবুর রহমান বলেন, বিপদ হতে পারে জেনেও ভাঙা সেতু দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বড় ধরনের দুর্ঘটনার আগেই এটি সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানান তিনি।

এ ব্যাপারে সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংসদ মমতাজ বেগমকে অবহিত করেছি।’

সিঙ্গাইর উপজেলা প্রকৌশলী মো. রুবায়েত জামান বলেন, ‘সেতুটির বর্তমান অবস্থা সরেজমিন দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’