নারী আইনজীবী গ্রেপ্তার

নির্যাতনে বাসার গ্রিল কেটে শিশু গৃহকর্মীর পালানোর চেষ্টা

নির্যাতন সইতে না পেরে আটতলার একটি বাসার গ্রিল কেটে পালানোর চেষ্টা করছিল গৃহকর্মী রিয়াদ (১২)। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। চট্টগ্রাম নগরীর হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকায় গত রবিবার দুপুরের এ ঘটনায় গৃহকর্ত্রী অ্যাডভোকেট শ্যামলী কাজমীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শিশু গৃহকর্মী রিয়াদ আটতলার বাসার গ্রিল কেটে পালানোর চেষ্টাকালে বাড়ির নিরাপত্তা প্রহরী সাইদুল ইসলাম জরুরি হেল্পলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, ছেলেটির শরীরে মারধরের অসংখ্য দাগ আছে। হাতে কয়েকটি কামড়ের দাগও আছে। অভিযুক্ত গৃহকর্ত্রী শ্যামলীকে গতকাল সোমবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, ছেলেটি আমাদের জানিয়েছে, তাকে মারধর করা হতো। তাই সে গ্রিল কেটে বাসা থেকে পালিয়ে বাড়ি চলে যেতে চেয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে।