ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন চট্টগ্রামে ১ হাজার ৭০০ টিকিট অবিক্রীত রয়ে গেছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৩ হাজার ৫৮৮টি টিকিট বিক্রি হয়েছে।
প্রথম দিন আগামী ৭ আগস্টের টিকিট বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ দেশ রূপান্তরকে বলেন, ‘অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন অ্যাপসহ ১২ হাজার টিকিট দেওয়ার কথা ছিল। এর মধ্যে ৭ হাজার ১৮টি আন্তঃনগর ট্রেনের এবং বাকি ৪ হাজার ৯৭৮টি লোকাল ট্রেনের। কাউন্টারের ৩ হাজার ৫৮৮টি টিকিটের মধ্যে ১৭০০টি অবিক্রীত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রথম দিন কোনো ঝামেলা ছাড়াই টিকিট বিকিকিনি করা হয়েছে। এসব অবিক্রীত টিকিট পরবর্তী সময় যাত্রীদের দেওয়া হবে।’ রেলওয়ে সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দেওয়া হবে ৮ আগস্টের টিকিট। ৩১ জুলাই ৯ আগস্ট, ১ আগস্ট ১০ আগস্ট ও ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৫ আগস্ট। এদিন ১৪ আগস্টের টিকিট দেওয়া হবে। ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্ট, ৮ আগস্ট ১৭ আগস্ট ও ৯ আগস্ট ১৮ আগস্টের টিকিট বিক্রি হবে।