কুয়েতে পাচার হওয়া নারীকে উদ্ধার করলেন বলিউড নায়ক

কুয়েতে বিক্রি হয়ে যাওয়া এক ভারতীয় নারীকে উদ্ধার করলেন বলিউড অভিনেতা তথা সাংসদ সানি দেওল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম বীণা বেদি। তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন ‘গাদার- এক প্রেমকথা’ নায়ক।

বলা হচ্ছে, এক ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়েছিলেন ৪৫ বছর বয়সী বীণা। তাকে পরিচারিকার কাজ দেওয়ার আশ্বাস দিয়ে এক পাকিস্তানি ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়।

ওই ব্যক্তি ৩০ হাজার রুপি বেতনের কাজ দেওয়ার আশ্বাস দিয়ে বীণাকে কুয়েতে নিয়ে যান। সেখানে কিছুদিন পরই বীণার ওপর শুরু হয় অত্যাচার।

বীণা অভিযোগ করেন, তাকে ক্রীতদাস বানিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছিল।

এদিকে কিছুদিন আগেই গুরুদাসপুরের করতাপুর যান সানি। তিনি সেখানকার সংসদ সদস্য। তখন সানির কাছে সাহায্য চায় বীণার পরিবার। বিষয়টি জানার পরই তৎপর হন তিনি। কুয়েতের এক স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্য নিয়ে বীণাকে ভারতে ফিরিয়ে আনেন।

গত শুক্রবার বীণাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছেলের এমন কাজে ভীষণ উচ্ছ্বসিত বাবা অভিনেতা ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় এ খবর পোস্ট করে ছেলেকে আশীর্বাদ করেছেন তিনি।