যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলা চালিয়েছিলেন ১৯ বছরের এক তরুণ। পুলিশের গুলিতে নিহত হয় এই বন্দুকধারী। তার আগে নির্বিচারে সে গুলি চালিয়ে হত্যা করে চারজনকে।
রয়টার্স জানায়, নিহত চারজনের মধ্যে রয়েছে ছয় এবং ১৩ বছর বয়সী দুটি শিশু। এতে আহত ১২ জন।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সান হোসে শহরের ৩০ মাইল দক্ষিণে গিলরয় শহরে গার্লিক ফেস্টিভ্যাল নামে অনুষ্ঠানটিতে এ হামলার ঘটনা ঘটে।
এক পর্যন্ত হামলার কারণ বের করতে পারেনি পুলিশ। তবে দেশটির প্রেসিডেন্ট হামলাকারীকে ‘দুষ্ট’ বলে আখ্যা দেন।
পুলিশ জানায়, নিহত শ্বেতাঙ্গ বন্দুকধারী সান্তিনো উইলিয়াম লিগান একটি একে-৪৭ রাইফেল দিয়ে এ হত্যাকাণ্ড চালান। সুরক্ষিত ভেস্ট পরে ডানে-বাঁয়ে এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন তিনি।
গিলরয়ের পুলিশপ্রধান স্কট স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার এক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয় উৎসবে দায়িত্বরত পুলিশ।
তিনি বলেন, ‘এটি পরিকল্পিত কোনো হামলা ছিল না। আমাদের কর্মকর্তারা দ্রুত তৎপরতা দেখিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের নিয়ে আমি গর্বিত। ছোট্ট এই এলাকায় হাজার হাজার মানুষের মধ্যে আরও বাজে ঘটনা ঘটতে পারত।’
উন্মুক্ত মাঠে তাঁবু টাঙিয়ে এ খাদ্য উৎসবের আয়োজন করা হয়। ১৯৭৯ সাল থেকে প্রতিবছর বিপুল আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ফলে অনেক মানুষের সমাগম ঘটে এতে।
গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, হামলাকারী লিগানের মতাদর্শ, অনুপ্রেরণা এবং কোনো দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে হামলাকারীকে ‘দুষ্টু খুনি’ হিসেবে উল্লেখ করেন দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে বন্দুকধারীকে দ্রুত থামাতে পারায় পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।