প্রতিবাদ সমাবেশে আমীর খসরু

ব্যর্থ সরকার সবকিছুকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক নেই, জনগণের প্রত্যাশা-চাহিদা তাদের কাছে গুজবের মতো মনে হওয়াটাই স্বাভাবিক। জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে তারা এখন সবকিছুকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরামের’ উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বারবার বাধাগ্রস্ত করার’ প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারের কাছে প্রশ্ন রেখে আমীর খসরু বলেন, ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, মহিলাদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে, শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছেÑ এ সবকিছু গুজব?

তিনি বলেন, সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই। তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তারা আজকে যাদেরকে দিয়ে ক্ষমতা দখল করে আছে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তারা দেশের মালিক হয়ে গেছে। জনগণ আর দেশের মালিক নেই।

‘বিএনপির অফিস গুজবের ফ্যাক্টরি’ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আমীর খসরু বলেন, দেশে যে প্রবল সমস্যা সৃষ্টি হয়েছে তার সমাধান তারা কোনোভাবেই দিতে পারবে না।