সীমান্ত বেড়া বা দেওয়াল দিয়ে মানুষের অনুভূতি রুদ্ধ করা যায় না, এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেল যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে। সীমান্ত দেওয়ালের বাধা উপেক্ষা করে একসঙ্গে খেলায় মেতে উঠেছে দুই দেশের শিশু।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের শিশুদের এই খেলার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, সীমান্ত দেওয়ালের ভেতর দিয়ে দোল খাওয়ার লম্বা দুইটি মোটা দণ্ডের ওপরে চড়ে খেলছে দুই শিশুরা।
সীমানার দুই পাড়ে খেলনা বস্তুটির এক মাথায় মেক্সিকোর শিশুরা এবং অন্য মাথায় মার্কিন শিশুরা পরস্পরের সঙ্গে খেলছে। এমনকি বয়স্করাও মেতে উঠেছে এই খেলায়।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক আর্কিটেকচার শিক্ষক সানল্যান্ড পার্কের সীমান্ত দেওয়ালে এই উদ্যোগ পেছনে আছেন। সান হোসে ইউনিভার্সিটির এক অধ্যাপক এটির ডিজাইন করেন।
উদ্যোক্তা অধ্যাপক রোনাল্ড রায়েল জানান, এটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সীমান্তে এমন ঐক্য দারুণ আনন্দদায়ক এবং উত্তেজনাপূর্ণ।
তিনি বলেন, ম্যাক্সিকান এবং মার্কিন শিশুদের মধ্যে এই বিনোদন উভয় দেশের মানুষের জন্য অর্থপূর্ণ সম্পর্ককে ইঙ্গিত করে।
সোমবার শিশুদের জন্য এই প্রজেক্ট বসানো হয়। পরদিনই এর মধ্যে দুই সীমানার শিশুদের বিনোদন নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মেক্সিকো অভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সীমান্ত নীতি সমালোচিত হয়েছে। অভিবাসীদের প্রতি আচরণেও সমালোচিত হয়েছেন তিনি। ঘরে-বাইরে প্রবল আপত্তির মুখে মেক্সিকো সীমান্তে ২ হাজার মাইল দেওয়াল নির্মাণ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।