প্রয়োজনে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট খুলবে ঢামেক

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলে, প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একটি আলাদা ইউনিট খোলা হবে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাছির উদ্দীন বুধবার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের সেবার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল ও কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে যারা ভর্তির যোগ্য নয়, তাদের ভর্তি নেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখানে যারা ভর্তির যোগ্য তাদের ভর্তি রেখে বিনা পয়সায় পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।

ঢামেকে আসা ডেঙ্গু রোগীদের মধ্যে শিশুদের সংখ্যা বেশি উল্লেখ করে হাসপাতালের পরিচালক বলেন, আমাদের এখানে ডেঙ্গু রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। প্রয়োজনে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনে আনসারদের অস্থায়ী থাকার স্থানে শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে পর্যাপ্ত মেডিসিন রয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৬৫২ জন।

ঢামেকের ডেঙ্গু রোগীর পরিসংখ্যান

জানুয়ারিতে ডেঙ্গু রোগী এসেছিল ৩ জন, তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন। মার্চে ৪ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৮ জন, তারা চিকিৎসা নিয়ে চলে যান। পরে জুন মাসে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে গেছে। সে মাসে ১৩৫ জন, তার মধ্যে ১৩৪ জন চিকিৎসা শেষে চলে যান। পরে জুলাই মাসে ২২৪২ জনের মধ্যে ১৫৮১ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সর্বমোট রোগীর সংখ্যা ছিল ২৩৯৫ জন, এর মধ্যে ১৭৩৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। ১০ জন মারা গেছেন।