স্বামী হত্যায় স্ত্রী ও দুই শ্যালকের মৃত্যুদণ্ড

রাজধানীর দারুস সালাম এলাকায় এক ব্যক্তিকে শ্বাস রোধে হত্যার মামলায় তার স্ত্রী ও দুই শ্যালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার সাত বছর আগের ওই মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- শাহানাজ পারভীন সোমা ও তার দুই ভাই গোলাম রাব্বানী ওরফে রাব্বী এবং তানজীল আলম। রায় ঘোষণার সময় আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৩০ জুলাই দারুস সালাম থানার টোলারবাগের বাসায় কেএম পারভেজ হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে আসামিরা তার স্ট্রোক করেছে বলে প্রচার করে এবং পারভেজের বাবা-মাকে না জানিয়ে লাশ দাফনের চেষ্টা করে।

ঘটনার প্রায় আড়াই মাস পর পারভেজের মা মমতাজ বেগম ওই বছরের ১৪ অক্টোবর পারভেজের শাশুড়ি রোকেয়া বেগম, স্ত্রী ও দুই শ্যালককে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৪ সালের ২০ জুলাই রোকেয়া বেগমকে অব্যাহতি দিয়ে আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।