‘আমরা কেউ দায়িত্ব নিতে পারিনি’

শ্রীলঙ্কা সফরে ইতিবাচক কি পেল বাংলাদেশ? তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটাও বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে এখন দেশে ফেরার পালা তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। হতাশার এই সিরিজে প্রাপ্তি খুঁজতে গিয়ে তামিম একমাত্র তাইজুল ইসলামের পারফরম্যান্স ছাড়া ইতিবাচক কিছু পাচ্ছেন না।

মূলত টেস্ট স্পেশালিস্ট হলেও এই সিরিজে সাকিব আল হাসান না থাকায় তাইজুল সুযোগ পান। শেষ দুই ওয়ানডেতে খেলেছেন। দারুণ ইকোনমি বোলিং করেছেন বাঁ-হাতি অর্থোডক্স স্পিনার।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে ১০ ওভার বল করে উইকেট না পেলেও খরচ করেন মাত্র ৩৫ রান। আর এদিন ১০ ওভার বল করে ৩৪ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। পরে ব্যাট হাতেও অপরাজিত ৩৯ রানের ইনিংস খেলেছেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সঞ্চালকের প্রশ্নের উত্তরে তাই বললেন, ‘তাইজুলই সত্যিকার অর্থে ইতিবাচক। শেষ দুই ম্যাচে সে যেভাবে বল করেছে সেরকম কিছুই আসলে আমাদের প্রয়োজন ছিল। তা ছাড়া অনেক অনেক নেতিবাচক দিক আছে এই সিরিজে। আমাকে দিয়ে শুরু করে দলকে নিয়েও…।’

মাশরাফী বিন মোর্ত্তজা না থাকায় ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে সিরিজে দায়িত্ব পালন করেন তামিম। শুরু থেকেই ব্যর্থতাগুলো মেনে নিয়ে আসছিলেন। এদিন আরেকবার ব্যর্থতার দায় নিজ কাঁধে তুলে নিলেন।

বললেন প্রয়োজনের সময় কেউই দায়িত্ব নিতে পারেননি, ‘প্রথম দিন থেকেই বলছি, আমি দায় নিচ্ছি। আমি ১২ বছর ধরে খেলছি। অন্যরাও দীর্ঘ দিন হলো দলের সঙ্গে। এটা হতাশার যে আমরা কেউ দায়িত্ব নিতে পারিনি, যখন প্রয়োজন ছিল। আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে এবং শক্তিশালীভাবে ফিরে আসতে হবে।’