ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।
বিবিসি জানায়, বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওপরে এই নিষেধাজ্ঞা আনে।
এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা ও যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত জাভেদ জারিফের যে কোনো সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
এ বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন বলেন, জাভেদ জারিফ বেপরোয়াভাবে ইরানের সর্বোচ্চ নেতার (আয়াতুল্লাহ আলী খামেনি) এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন ।
এ দিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এক প্রতিক্রিয়া জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এজেন্ডার হুমকি মনে করায় তার ওপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
২০১৫ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত হওয়া পারমাণবিক চুক্তি থেকে গত বছর বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এর পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন।
এ ছাড়া এ বছরের মে মাস থেকে হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকার চলাচল নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।