হারিয়ে যাওয়া সুরাইয়ার মা-বাবাকে খুঁজছে পুলিশ

হারিয়ে যাওয়া একটি শিশুর মা-বাবাকে খুঁজছে পুলিশ। শিশুটির নাম সুরাইয়া। বর্তমানে রাজধানীর তেজগাঁওয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে সে।

সুরাইয়ার বয়স আনুমানিক ৯ বছর। তার গায়ের রং কালো ও উচ্চতা ৪ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল লাল রঙের ফ্রক।

মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় ২৯ জুলাই সুরাইয়াকে খুঁজে পায় স্থানীয় লোকজন। সে বাবার নাম মো. হাসান ও মায়ের নাম নূরনাহার বলে জানায়।

বাড়ির ঠিকানা বলতে না পারায় রামপুরা থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রেখে যায়। ওই দিন রামপুরা থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি করা হয়।

শিশুটির কোন স্বজনের সন্ধান পাওয়া গেলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে (ডিউটি অফিসার: ০১৭৪৫-৭৭৪৪৮৭ ও ০২৯১১০৮৫)।