অসচ্ছল ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

ডেঙ্গু আক্রান্ত সুবিধাবঞ্চিত ও অসচ্ছলদের চিকিৎসা দিতে সরকারি-বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ নির্দেশ মোতাবেক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালককে প্রতিবেদন আকারে 
২০ আগস্টের মধ্যে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার রেজ এমডি সাদেকীন প্রমুখ।

শুনানিকালে আদালত শঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে কোনো সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলে যেন আর্থিক অনটনের কারণে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হয়।

বুধবার ‘ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পথশিশু ও অসচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।