দিল্লিতে প্রথম ২০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, পরে আরো ছাড়

ভারতের রাজধানী দিল্লিতে প্রথম ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে সাধারণ গ্রহাকদের সরবরাহের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

এ ক্ষেত্রে ভর্তুকি দেবে সরকার।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল আরো বলেন, ২০০ ইউনিটের বেশি অর্থাৎ ২০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা। আর শীতকালে দিল্লির প্রায় ৭০ শতাংশ মানুষ বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। 

তিনি বলেন, দেশের সবচেয়ে সস্তায় বিদ্যুৎ সুবিধা পাবেন দিল্লিবাসী। এটি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। ফ্রি লাইফলাইন ইলেকট্রিসিটি প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেজরিওয়াল প্রশ্ন তুলে বলেন, এবার আর কেউ বলতে পারবে না, ভিআইপি ও রাজনৈতিক নেতারা সব সুবিধা পান। 
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর ফলে রাজধানীর প্রায় ৩৩ শতাংশ মানুষ উপকৃত হবেন। 

দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এক টুইট বার্তায় জানান, ভালো শিক্ষা ও স্বাস্থ্য যেমন দরকার, তেমনই মানুষের জন্য দরকার বিদ্যুতের সুবিধাও। এই সিদ্ধান্তের ফলে দিল্লির লাখ লাখ মানুষ উপকৃত হবেন।

তবে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার মানুষের জন্য বিদ্যুতের আম আদমি পার্টি সরকারের সুবিধার এ ঘোষণাকে নির্বাচনকেন্দ্রিক ঘোষণা বলে মন্তব্য করেছে। দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি বলেছেন, এটা অরবিন্দ কেজরিওয়াল সরকারের ঘোষণা নয়। এটা বিজেপির আন্দোলনের ফল।

সূত্র: এনডিটিভি।